চৈত্রের দাবদাহে জীবন প্রায় অতিষ্ট। একদিকে গ্রীষ্মের আগমনের অনদিকে করোনার আতঙ্ক। এসময় সবাই নিশ্চয় বাড়িতেই আছেন? পরিবারের সবার সঙ্গেই সময়টাও ভালো কাটছে। তবে নিশ্চয় বাধ সাধছে গরম। এজন্য এই গরমে শরীরকে ঠাণ্ডা এবং সুস্থ রাখতে খেতে পারেন এক গ্লাস পুদিনার লাচ্ছি। যা আপনাকে নিমিষেই করবে চাঙ্গা।
এছাড়াও পুদিনা পাতায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্ট পেটের যে কোনো সমস্যার সমাধান করতে সাহায্য করে। এটি শরীরকে ঠাণ্ডা রাখতে এবং হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও পুদিনার রস আপনার ত্বকের যে কোনো সংক্রমণ ঠেকাতে অ্যান্টিবায়োটিকের কাজ করবে।
বিজ্ঞানীদের মতে, পুদিনা পাতার পেরিনিয়াল অ্যালকোহল ফাইটোনিউট্রিয়েন্টের একটি উপাদান, যা দেহে ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। টাইফয়েড, নিউমোনিয়া প্রতিরোধ করে। তবে চলুন জেনে নিন পুদিনার লাচ্ছির রেসিপিটি-
উপকরণ: টকদই এক কাপ, গুঁড়া দুধ এক টেবিল চামচ, পুদিনা পাতা বাটা আধা কাপ, বিট লবণ আধা চা চামচ, চিনি এক চা চামচ, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ, বরফ কুচি আধা কাপ, লেবুর রস এক টেবিল চামচ।
প্রণালী: একে একে সব উপকরণ মিশিয়ে ব্লেন্ড করে নিন। প্রয়োজন হলে অল্প পানি দিতে পারেন। মিশ্রণটি তৈরি হয়ে গেলে কাঁচের গ্লাসে ঢেলে নিন। উপরে পুদিনা পাতা ও চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন গরমের স্বস্তি পুদিনার লাচ্ছি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।