ঢাকায় আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) গণমিছিল করেছে বিএনপি ও সমমনা দলগুলো। গণমিছিল ও সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে তারা। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ গণমিছিল করেছে বিএনপি ও সমমনা দলগুলো। শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে অস্থায়ী মঞ্চে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আগামী ১১ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের ১০ দফা দাবির প্রথম কর্মসূচি ছিল আজকের গণমিছিল। দ্বিতীয় কর্মসূচি হচ্ছে আগামী ১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচি। ঢাকায় এ কর্মসূচি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে হবে। ঢাকা ছাড়াও সারাদেশে ৯টি বিভাগীয় শহরে একইভাবে ৪ ঘণ্টা গণঅবস্থান কর্মসূচি পালিত হবে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি আজকে যেসব দল গণমিছিল কর্মসূচি পালন করছে তারাও আগামী ১১ জানুয়ারি এই গণঅবস্থান কর্মসূচি পালন করবে।
বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ এই নেতা বলেন, আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে হ্রাইবিড সরকার নামে পরিচিত। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এ জন্য আজ ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছে। তারা দেশের টাকা বিদেশে পাচার করে দিয়েছে। অনেক আমদানিকারক এলসি খুলতে পারছেন না, কারণ ব্যাংকগুলোতে ডলার নেই।
সরকারের পদত্যাগ দাবি করে বিএনপির এ নেতা বলেন, সংসদ ভেঙে দিতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে গঠন করতে হবে। তারাই নতুন নির্বাচন কমিশন গঠন করবে। তাদের অধীনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে।