গ্রীষ্মকাল মানেই রসালো ফলের বাহার। তরমুজ, পেঁপে, আম, কাঁঠাল, আনারস মুখে নিলেই যেন স্বর্গীয় এক তৃপ্তি! তবে এসবের মধ্যে বেশিরভাগেরই প্রিয় তরমুজ। কারণ লাল রঙা এই রসালো ফলের ৯২ শতাংশই পানিতে পূর্ণ। তাই শরীরে পানির ঘাটতি মেটাতে এই ফলের জুড়ি মেলা ভার।
তবে তরমুজ আকারে বড় হওয়ায় এটি কাটতে হিমশিম খেয়ে যান অনেকেই। যদিও তরমুজ কেটে টুকরো করার বিভিন্ন উপায় আছে। সম্প্রতি, টিকটকে তরমুজ কাটার একটি কৌশল সামনে আসতেই মুহূর্তেই তা ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, কয়েক সেকেন্ডের মধ্যেই একটি আস্ত তরমুজ হয়ে গেল টুকরো টুকরো।
৩৩ মিলিয়নেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন এবং এক দশমিক দুই মিলিয়ন লাইক পড়েছে ভিডিওটিতে। তরমুজ কাটার এই বিশেষ পদ্ধতিটি সবার পছন্দ হয়েছে। ভিডিওটিতে দেখানো হয়েছে, প্রথমে তরমুজের দুই পাশ অর্ধবৃত্তাকারে কাটা হয়। তারপর তরমুজের গায়ে লম্বা করে কাটতে শুরু করেন। তারপর চওড়ায়। এভাবে নিমেষে গোটা তরমুজ টুকরো হয়ে যায়।
তরমুজটি দ্রুত কাটার জন্য একটি মাংস কাটার ছুরি ব্যবহার করা হয়। যদিও এভাবে কেটে রাখা তরমুজ ফ্রিজে রেখে না খাওয়াই ভালো। ফ্রিজে রাখলে কাটা ফলের গুণ চলে যায়। তাই প্রত্যেকবার তরমুজ খাওয়ার আগে চেষ্টা করুন আস্ত তরমুজ থেকে একটা অংশ কেটে নিয়ে খেতে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।