এবার টুইটারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় জনতা পার্টির উপর ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহান। তার অভিযোগ, মোদি আর বিজেপির হাতে পুড়ছে পুরো দেশ।
‘বিজেপিই অতিমারী’ রাস্তায় নেমে এই স্লোগান তুলেছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সূত্রেই সোশ্যাল মিডিয়ায়, ‘সেভ বেঙ্গল ফ্রম বিজেপি’ কর্মসূচি শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। ‘নিজেকে বিজেপি থেকে সুরক্ষিত চিহ্নিত করুন’ (মার্ক ইওর সেল্ফ ফ্রম বিজেপি) স্লোগান ট্রেন্ড শুরু হয়।
এরই পরিপ্রেক্ষিতেই শনিবার টুইট করেন বসিরহাটের তৃণমূল সংসদ সদস্য অভিনেত্রী নুসরাত জাহান। সেখানে তিনি লিখেছেন, শ্রী নরেন্দ্র মোদি আর বিজেপির হাতে আমাদের দেশ পুড়ছে। পাঁচ লাখেরও বেশি মানুষ রাজনৈতিক হিংসা ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাকে বাঁচাতে নিজে সুরক্ষিত হিসেবে মার্ক করুন।
সোশ্যাল মিডিয়ায় একাধিকবার প্রধানমন্ত্রী এবং বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন নুসরাত। নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন টলিউডের এই অভিনেত্রী। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।