জনপ্রিয় অভিনেত্রী সাহারার চলচ্চিত্রে পথচলা শুরু হয়েছিল শাহাদাত হোসেন লিটন পরিচালিত ‘রুখে দাঁড়াও’ ছবির মাধ্যমে। অনেক পরিশ্রম করে ঢাকার চলচ্চিত্রে নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন এই অভিনেত্রী। শাকিব খান এর সঙ্গে তার জুটি সর্বাধিক জনপ্রিয়তা পায়।
এই অভিনেত্রী ৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বদিউল আলম খোকন পরিচালিত ‘প্রিয়া আমার প্রিয়া’ তার অভিনীত সবচেয়ে আলোচিত চলচ্চিত্র। এতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। এটি ২০০৮ সালের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র।
এই অভিনেত্রীকে সর্বশেষ ২০১৪ সালে রাজু চৌধুরীর পরিচালনায় ‘তোকে ভালোবাসতেই হবে’ শিরোনামের চলচ্চিত্রে দেখা গেছে। এরপর তাকে আর নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি।
অভিনেত্রী সাহারার প্রকৃত নাম নুরজাহান আক্তার রুনা। অনেকদিন থেকেই চলচ্চিত্রে নেই। নেই কোনো খবরে। ২০১৫ সালের ৮ মে বিয়ে করেন মাহবুবুর রাহমান মনিরকে। একই বছর জানা গিয়েছিল সাহারা পোশাকের ব্যবসায় নিজেকে যুক্ত করেছেন।
জানা গেছে, স্বামী মাহবুবুর রহমানের ইচ্ছায় তিনি চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। আগামীতেও তার চলচ্চিত্রে ফেরার কোনো পরিকল্পনা নেই। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।