আইএসের প্রতিষ্ঠাতা এবং শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদি যে মারা গেছেন তা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সকালে হোয়াইট হাউজে তা নিশ্চিত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং অভিযানের বিস্তারিত বিবরণ দেন। খবর বিবিসির।
ট্রাম্প বলেন, আল বাগদাদি যে বাড়িতে লুকিয়ে ছিলেন রাতের বেলায় মার্কিন স্পেশাল ফোর্স সেখানে ঐ অভিযান চালায়। আটটি হেলিকপ্টার অভিযানে অংশ নেয়।
মার্কিন এই প্রেসিডেন্ট আরো বলেন, ‘প্রচণ্ড গোলাগুলির’ পর আমেরিকান কমান্ডোরা বাড়িটি ঘিরে ফেলে দরজা দিয়ে না ঢুকে দেয়াল ভেঙ্গে বাড়ির আঙ্গিনায় ঢোকে। মি. আল বাগদাদি সেসময় তার তিন বাচ্চাকে নিয়ে একটি বদ্ধ সুড়ঙ্গে লুকানোর চেষ্টা করেন।
মার্কিন সেনাদের সাথে থাকা কুকুর তাকে তাড়া করলে উপায় না দেখে আইএস নেতা শরীরে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেন। বিস্ফোরণে সুড়ঙ্গটি তার শরীরের ওপর ধসে পড়ে।
বিস্ফোরণে মি. আল বাগদাদির শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। সাথে থাকা তিনটি শিশুও নিহত হয়েছে, বলেন ট্রাম্প।
আই এস নেতার বেশ কজন সহযোগীও নিহত হয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ছিন্নভিন্ন শরীরের ডিএনএ পরীক্ষা করে আল বাগদাদির পরিচয় নিশ্চিত করা হয়।
তিনি বলেন, দুই ঘণ্টা ধরে চলা অভিযানের শুরুতে ১১টি শিশুকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তারা অক্ষত রয়েছে।
সংবাদ সম্মেলনে মি ট্রাম্প বলেন, বাগদাদি কুকুরের মত মারা গেছে…কাপুরুষের মত মারা গেছে। বিশ্বের এক নম্বর সন্ত্রাসী নেতার বিচার সম্পন্ন করেছে।
-খবর দৈনিক ইত্তেফাকের।