করোনাভাইরাসের ভয়াবহতার আগেই ঢাকার তিন অভিনেতা শিপন মিত্র, সাঞ্জু জন ও ইমতু রাতিশ কলকাতায় যান। তারা সেখানে অবস্থান করার সময়ই করোনা ভয়াবহ রূপ নেয়। প্রতিটি দেশের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয় যায়। জারি করা হয় লকডাউন। যার ফলে কলকাতার একটি হোটেলে আটকা ছিলেন চার মাস।
গত ১৬ ফেব্রুয়ারি থেকে কলকাতার আটকা পড়েন তারা। তাদের সঙ্গে আরো ছিলেন নতুন অভিনেত্রী বন্যি, রাইসাসহ মেকাপম্যান, ক্যামেরাম্যান ও অনেকেই। এতোদিন আটকা থাকার পর সোমবার দেশে ফিরেছেন তারা।
এ বিষয়ে ইমতু রাতিশ জানান, পাসপোর্ট হাতে পাওয়ার পর নিজেরা গাড়ি ভাড়া করে সীমান্তে আসেন তারা। এরপর বাংলাদেশে প্রবেশ করেন।
জানা গেছে, চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরীর একটি ভুতের সিনেমার শুটিংয়ের জন্য আইসল্যান্ড যাবার কথা ছিলো তাদের। তার ভিসার জন্য এই অভিনয় শিল্পীরা কলকাতায় যান। এর মধ্যেই সারা বিশ্বে মহামারি আকার ধারণ করে করোনা। এদিকে কাজ শেষ করে উঠতে না পারায় দেশে ফিরতে পারেননি তারা।
ইমতু রাতিশ বলেন, আমাদের দলের বেশিরভাগই পাসপোর্ট ফেরত পেয়েছিলেন। শুধু আমাদের কয়েকজনের যেদিন পাসপোর্ট দেয়ার কথা, সেদিনই ভারতে জনতা কারফিউ শুরু হয়। প্রতিদিনই ভেবেছি, এই বোধহয় পাসপোর্ট পেয়ে যাব। এভাবেই অনেকগুলো দিন কেটে গেল।
তিনি আরো বলেন, অবশেষে গত শুক্রবার আমরা পাসপোর্ট হাতে পাই। আমি, জন, শিপন ও চ্যানেল আই ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম প্রতিযোগিতার তন্ময় একসঙ্গে দেশে ফিরেছি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।