সাতক্ষীরা জেলার কলারোয়ায় শেখ আজগর আলী নামে এক করোনা রোগী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (৩ জুলাই) ওই উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুরে এ ঘটনা ঘটে। মৃত শেখ আজগর আলী ওই গ্রামের শেখ জালালের ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন তার বাড়িতে ছেলে-বৌদের সাথে অশান্তি, ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। করোনা পজিটিভ হওয়ার পর সেই অশান্তির মাত্রা আরো বেড়ে যায়। হয়তো সেই কষ্টে-অভিমানে তিনি আত্মহত্যা করতে পারেন।
আরও পড়ুন- ছেলের অপমান সইতে না পেরে আত্মহত্যা করল মা
এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির গণমাধ্যমে জানান, সম্প্রতি করোনা পজিটিভ হয়ে বাড়িতে আইসোলেশনে ছিলেন আজগর। সকালে স্বজনরা তার দেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ পৌঁছে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
লাশের পাশে একটা চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পরিবারের আবেদনে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।