বিশ্বজুড়ে যেখানে করোনাভাইরাসের কারণে একের পর এক বড় বড় সব চলচ্চিত্র উৎসব বাতিল হচ্ছে। সেখানে ভারতের পশ্চিমবঙ্গে সীমিত পরিসরে বসছে ‘২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’।
যথেষ্ট উদ্বেগ ছিল এই উৎসব ঘিরে। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু করোনার কালবেলায় স্বাভাবিকভাবেই খরচের ব্যাপারে কাটছাঁট করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, উৎসব হলেও অনুষ্ঠানের জৌলুস সে রকমভাবে থাকছে না। করোনা পরিস্থিতির জন্য কোনো প্রকারে উৎসব সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করে খরচ কমানোর কথা ভাবা হচ্ছে। মূলত আন্তর্জাতিক উৎসব আয়োজক সংস্থা ‘ফিয়াপ’-এর নিবন্ধন অক্ষুণ্ণ রাখতে গেলে উৎসব হওয়াটা জরুরি। সে জন্যই এমন সিদ্ধান্ত।
বৃহস্পতিবার চলচ্চিত্র উৎসব কমিটির প্রথম একটি বৈঠক হয়। দু’জন মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন, উৎসব পরিচালক রাজ চক্রবর্তীসহ কোর কমিটির কিছু সদস্য সেখানে উপস্থিত ছিলেন।
আপাতত তারা উৎসবের দিন নির্ধারিত করেছেন ৫ থেকে ১২ নভেম্বর। এবার প্রদর্শিত ছবির সংখ্যা অনেকটাই কমানো হবে। তবে উৎসবে দেশ-বিদেশের অতিথি ও বিচারকদের আসার ব্যাপারটা এখনো অনিশ্চিত। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।