অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই মহারাষ্ট্র সরকার এবং মুম্বাই পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এমনকি, মুম্বাইকে ‘পাক অধিকৃত কাশ্মীর’ বলতেও ছাড়েননি তিনি।
পাল্টা মহারাষ্ট্রের শাসক শিবসেনা-এনসিপি নেতারাও কঙ্গনার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তাকে মুম্বাইয়ে ঢুকতে না-দেয়ার ‘হুমিক’ও দিয়েছে মহারাষ্ট্রের শাসক শিবির। এমনই সংঘাতের আবহে কঙ্গনাকে ওয়াই প্লাস ক্যাটেগরি নিরাপত্তা দিল নরেন্দ্র মোদীর সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেত্রী।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, মহারাষ্ট্র সরকারকে লাগাতার আক্রমণের পুরস্কার পেলেন কঙ্গনা। বলিউড ‘কুইন’-কে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির।
ওয়াই প্লাস ক্যাটেগরি নিরাপত্তায় সর্বক্ষণ থাকবেন একজন ব্যক্তিগত নিরাপত্তা অফিসার। থাকেন ১১ জন আধা সামরিক বাহিনীর (মূলত সিআরপিএফ) জওয়ান। যাদের মধ্যে দু থেকে তিন জন কমান্ডো প্রশিক্ষণপ্রাপ্ত।
ওয়াই প্লাস ক্যাটেগরি নিরাপত্তা পাওয়ার পরে কঙ্গনার টুইট, ‘এর থেকে প্রমাণিত হল ফ্যাসিস্তরা কোনো দেশভক্তের কণ্ঠরোধ করতে পারে না। অমিত শাহের প্রতি কৃতজ্ঞ। তিনি হয়তো আমাকে বলতেই পারতেন, কয়েকদিন পরে মুম্বাইয়ে ফিরতে। তিনি এক জন ভারতকন্যাকে সম্মান দিয়েছেন এবং তার আত্মসম্মান ও গর্বকে রক্ষা করেছেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।