এবার অনলাইনে কনসার্টে অংশ নিচ্ছেন বলিউডের একঝাঁক তারকা। এই কনসার্টের নাম দেয়া হয়েছে ‘আই ফর ইন্ডিয়া’। রোববার সন্ধ্যা সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে চার ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানটি।
এই আয়োজনে অংশ নেবেন শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, অনিল কাপুর, জাভেদ আখতার, সাইফ আলি খান, হৃতিক রোশন, রণবীর সিং, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, আনুশকা শর্মার মতো তারকারা।
এই কনসার্টে আরো অংশ নেবেন আশা ভোঁসলে, অরিজিৎ সিং, সনু নিগম, প্রীতম, সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষালসহ নামি সংগীত শিল্পীরাও।
শোবিজ তারকাদের পাশাপাশি আরো অংশ নেবেন ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি ও রোহিত শর্মা। বিশেষ পরিবেশনায় থাকবেন উইল স্মিথ, জোনাস ব্রাদারস এবং ব্রায়ান অ্যাডামস, সোফি টার্নারসহ আরো অনেকে।
জানা গেছে, তিনটি লক্ষ্য নিয়ে আয়োজন করা হচ্ছে এই অনলাইন কনসার্ট। মহামারিতে কাজ করা স্বাস্থ্যকর্মীদের শ্রদ্ধা জানানো, ঘরবন্দি মানুষকে বিনোদন দেয়া এবং যাদের ঘর ও কাজ নেই তাদের সাহায্য করা। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ ভারতের করোনা তহবিলে দেয়া হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।