গত অর্থ বছরে (২০২২-২৩) সর্বোচ্চ ১১ লাখ ২৫ হাজার ৮৩৩ জন বাংলাদেশির বিদেশে কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সংসদ সদস্য হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জনশক্তি রপ্তানির জন্য ১৮টি দেশ এবং চীনের স্বায়িত্বশাসিত হংকংয়ের সঙ্গে চুক্তি রয়েছে বাংলাদেশের। দেশগুলো হলো- কুয়েত, কাতার, ওমান, লিবিয়া, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জর্ডান, বাহরাইন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ব্রুনাই, সিঙ্গাপুর, মরিশাস, কম্বোডিয়া, গ্রিস ও জাপান।
ভবিষ্যতে মাল্টা, আলবেনিয়া, রোমানিয়াসহ ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে এ বিষয়ে চুক্তি সইয়ের পরিকল্পনা রয়েছে বলেও তিনি এসময় জানান।