বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জাতি হতাশ হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) চাঁদপুর সরকারি কলেজ মাঠে বাংলাদেশ ইসলামী আন্দোলন আয়োজিত চাঁদপুর-৩ আসনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
আয়োজিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মো. জয়নাল আবেদীনসহ দলটির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ৫৩ বছর এ দেশে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে যখন কোনো সরকার এককভাবে ক্ষমতায় যায় তখন ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয়েছে। বিগত দিনের ইতিহাস এটাই। গণঅভ্যুত্থান ২০২৪-এর পর দেশের মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণের ভোটের মাধ্যমে সরকার হয় নাই। তাদের তিনটা কাজ ছিল, একটা হলো মৌলিক সংস্কার, আরেকটা হলো দৃশ্যমান বিচার, এরপর লেবেল প্লেয়িং ফিল্ড। একটা বিশেষ দলের নির্বাচনে আগ্রহে তাদের গুরুত্ব দেখেছি। মৌলিক সংস্কার এবং বিচারের বিষয়টা ততটা গুরুত্ব আমরা দেখিনি।