আজ উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশে এবছর মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। গত বছর মোট জিপিএ-৫ পেয়েছিলেন ৪৭ হাজার ২৮৬ জন। সেই হিসেবে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় চার গুণ বেড়েছে।
মোট জিপিএ-৫ পাওয়াদের মধ্যে সাধারণ ৯টি বোর্ড থেকে এক লাখ ৫৩ হাজার ৬১৪ জন, মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে ৪ হাজার ৪৮ জন এবং কারিগরি বোর্ডে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল/বিএম) জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ১৪৫ শিক্ষার্থী।
আরও পড়ুন- ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি
এ বছর ঢাকা শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫৭ হাজার ৯২৬ জন, চট্টগ্রাম থেকে ১২ হাজার ১৪৩, যশোর থেকে ১২ হাজার ৮৯২, রাজশাহী থেকে ২৬ হাজার ৫৬৮, কুমিল্লা থেকে ৯ হাজার ৩৬৪, ময়মনসিংহ থেকে ১০ হাজার ৪০, বরিশাল থেকে ৫ হাজার ৫৬৮, সিলেট থেকে ৪ হাজার ২৪২ এবং দিনাজপুর বোর্ড থেকে ১৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থী।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘এইচএসসি ও সমমানের সকল পরীক্ষার ফল প্রকাশ ও হস্তান্তর’ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পরীক্ষার ফল সকল বোর্ডের চেয়ারম্যানদের হাতে তুলে দিয়েছেন।