ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত মার্কিন সেনাদের ইসরাইলের তেল আবিব নিয়ে যাওয়া হয়েছে। বুধবার ইরাক থেকে আহত মার্কিন সেনাদের সেখানে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।
ইসরাইলের একটি সূত্রের বরাত দিয়ে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২২৪ জন মার্কিন সেনাকে তেল আবিব নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হবে।
ইরাকের একটি সূত্র জানিয়েছে, মার্কিন বিমান ঘাঁটি আল-আসাদে থাকা রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। জঙ্গিবিমান, ড্রোন ও হেলিকপ্টারসহ সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইরান বলছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের ৮০ জন সেনা মারা গিয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাতে ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আল-আনবার প্রদেশে অবস্থিত মার্কিন ঘাঁটি দুটি হলো, আল-আসাদ ও ইরবিল।

মার্কিন ঘাঁটির ক্ষয়ক্ষতির দৃশ্য (স্যাটেলাইট থেকে তোলা ছবি)। ছবি: পার্সটুডে
এদিকে এই হামলার পর ইরাকের রাজধানী বাগদাদের কূটনৈতিক এলাকা গ্রিন জোনে ফের রকেট হামলা হয়েছে। বুধবার রাতে দুটি রকেট হামলা চালানো হয়।
তবে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় কোনো মার্কিন সেনা ও কোন মার্কিন নাগরিকের ক্ষতি হয়নি।

ক্ষেপণাস্ত্র হামলার পর আল-আসাদ বিমান ঘাঁটি। ছবি: সংগৃহীত
খবর ইত্তেফাক।