সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ মে) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে না ফেরার দেশে চলে গেলেন নায়ক ফারুক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক ফারুক বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য। তার পুরো নাম আকবর হোসেন পাঠান ওরফে ফারুক।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় উপস্থাপক-নির্মাতা আনজাম মাসুদ। তিনি বলেন, সোমবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে মারা গেছেন নায়ক ফারুক। সিঙ্গাপুরের একটি হাসপাতালে প্রায় দুই বছর তিনি চিকিৎসাধীন ছিলেন।
অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করা নায়ক ফারুক এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় আসেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।
সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকেসহ আরো অনেক চলচিত্র তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে।