র্যাবের সঙ্গে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির পর আরসার শীর্ষ কমান্ডার মাস্টার ইউনুসসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিস্ফোরক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। সোমবার (১৮ ডিসেম্বর) মাঝরাতে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযানকালে এ ঘটনা ঘটে।
র্যাব-১৫’র অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা পরিকল্পনা করছেন একদল দুষ্কৃতকারী। এমন তথ্য পেয়ে র্যাব-১৫ একটি আভিযানিক টিম সোমবার (১৮ ডিসেম্বর) রাতে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের অভিযানে যায়। সেখানে পৌঁছার পর অভিযান দলের উপস্থিতি টের পেয়ে আরসার সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় র্যাবের আভিযানিক দলও গুলি ছুড়লে গোলাগুলির ঘটনা ঘটে।
র্যাব-১৫ এর এ সিও আরও বলেন, গোলাগুলির পর ক্যাম্পের একটি ঘর থেকে আরসার শীর্ষ কমান্ডার মাস্টার ইউনুসসহ আরসার ৪ জন সদস্যকে অস্ত্র-গুলি ও বিস্ফোরকসহ গ্রেফতার করা হয়। এ সময় ৪-৫ জনের আরও একটি গ্রুপ পালিয়ে গেছে।
এদিকে সোমবার (১৮ ডিসেম্বর) ভোরে ক্যাম্প ৩ ও ৪-এ এপিবিএন সদস্য এবং রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। পৃথক এ ঘটনায় নয়জনকে গ্রেফতার ও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। এর আঠারো ঘণ্টা পার হতে না হতেই র্যাবের সঙ্গে আরসা সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে।