অনেকেই মাংস দিয়ে আম বা পেঁপে আলাদা আলাদা রান্না করে খেয়ে থাকবেন। তবে আম, পেঁপে দিয়ে মাংস এক সঙ্গে কি খেয়েছেন কখনো? এই পদটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু আবার পুষ্টিতেও ভরপুর। এটি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজ তৈরি করা যায়। চলুন তবে জেনে নেয়া যাক আম-পেঁপে মাংস তৈরির রেসিপিটি-
উপকরণ: হাড় ও চর্বি ছাড়া গরুর মাংস ৫০০ গ্রাম, পাকা পেঁপের পিউরি আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন ও আদা বাটা এক চা চামচ, লবণ স্বাদ মতো, তেল এক টেবিল চামচ, পানি পরিমাণ মতো।
ম্যাঙ্গো সসের জন্য: পাকা আমের পিউরি এক কাপ, ভিনেগার সিকি কাপ, লেবুর রস এক টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা আধা চা চামচ, রসুনের কোয়া একটি থেঁতো করে নেয়া, শুকনা মরিচের গুঁড়া এক চা চামচ, ধনেপাতা এক টেবিল চামচ।
প্রণালী: মাংসগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পাকা পেঁপের পিউরি দিয়ে আট থেকে ১০ ঘণ্টা বা সারা রাত মেরিনেট করে রাখুন। প্যানে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিন। এতে মাংস দিয়ে কষিয়ে মাঝারি আঁচে ২০ মিনিট ঢেকে রান্না করুন। এবার ম্যাঙ্গো সসের সব উপকরণ পেস্ট করে মাংস দিয়ে আধা কাপ পানিসহ ঢেকে আরো ১৫ মিনিট রান্না করুন। মাখা মাখা হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার আম-পেঁপে মাংস। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।