যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমিই ইসরাইলের সবচেয়ে ভালো বন্ধু।’ শনিবার ফ্লোরিডায় ইসরাইলি-আমেরিকান কাউন্সিলের এক অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ইহুদি ধনকুবেররা উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের ভোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হিসেবে ইহুদিদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘ইহুদি রাষ্ট্রটি হোয়াইট হাউসে আপনাদের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের চেয়ে ভালো কাউকে এর আগে কখনও পায়নি।’
ইতিপূর্বে ডেমোক্র্যাটদের ভোট দিয়ে ইহুদিরা ভুল করেছিল বলেও মন্তব্য করেন ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কথা তুলে ধরেন।
ট্রাম্প বলেন, আপনাদের অনেকেই ওবামার জন্য নির্বাচন করেছিলেন। কোনো একদিন আপনারা আমাকে এর ব্যাখ্যা দেবেন।
কারণ আমি মনে করি না যে, তারা ইসরাইলকে খুব বেশি পছন্দ করে। ক্ষমতায় আসায় পর থেকে ইহুদিবাদী ইসরাইলের পক্ষে একের পর এক পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প।
প্রায় ৭০ বছরের মার্কিন নীতি সরিয়ে ফেলে ২০১৭ সালে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী বলে তিনিই স্বীকৃতি দেন। খবর যুগান্তর।