আমরা গণতান্ত্রিক অধিকার চাই, নির্বাচন চাই। আমরা অন্য অধিকারগুলো চাই, ছাত্রদের অধিকার চাই। শুধু গণতন্ত্র হলেই হবে না, সেই গণতন্ত্রকে বুঝতে হবে। গণতান্ত্রিক যেমন অধিকার আছে, গণতন্ত্রের দায়িত্বও আছে। সেই দায়িত্ব পালন করলেই গণতন্ত্র সত্যিকারের অর্থে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারবে। সোমবার (৯ জুন) দুপুরে ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একটি আনন্দ র্যালি বের করে ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে রিভারভিউ স্কুলের শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, জাতিকে পুনর্গঠন করতে গেলে আমাদের ছাত্রদের তৈরি করতে হবে। তারা যেন সবক্ষেত্রে তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক, যেখানে টিকে থাকতে হলে জ্ঞানের প্রতিযোগিতা করতে হবে। এখন তো আরও কঠিন হয়েছে। প্রযুক্তি এমন এক জায়গায় চলে গেছে, টেকনোলজিতে যদি আমরা কোপ-আপ করতে না পারি, তাহলে পিছিয়ে যাব।
মির্জা ফখরুল বলেন, কে দায়ী, সেদিকে না গিয়ে আমি বলতে চাই, সামগ্রিকভাবেই মান কমেছে।
বিএনপির মহাসচিব বলেন, রাষ্ট্রকেও একটা সুন্দর জাতি নির্মাণ করতে হলে, প্রথমত আপনাকে অবশ্যই লেখাপড়া করতে হবে। লেখাপড়ার কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে। তৃতীয়ত, খেলাধুলা করতে হবে। শারীরিক যোগ্যতা প্রমাণ করতে হলে কাজ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও প্র্যাকটিস করতে হবে।