মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি সত্যিই মনে করি, উভয় পক্ষের সঙ্গেই আলোচনার মাধ্যমে ইউক্রেন ইস্যুতে আমরা একটি সমঝোতার আগের যেকোনো সময়ের চেয়ে অনেক কাছাকাছি পৌঁছেছি। আমার মনে হয় আমরা খুব কাছাকাছি চলে এসেছি, হয়তো খুব কাছাকাছি।’
ফ্লোরিডায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার বৈঠক এবং একই দিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথোপকথনের পর এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সাথে এ আলোচনাকে তিনি ‘চমৎকার’ বলে বর্ণনা করেছেন।
ফ্লোরিডার মার-এ-লাগোতে জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমাদের বৈঠকটি ছিল অত্যন্ত ভালো। আমরা বলতে গেলে প্রায় ৯৫ শতাংশ বিষয় নিয়েই আলোচনা করেছি। শতাংশের হিসাব যাই হোক না কেন, এই যুদ্ধ শেষ করার পথে আমরা অনেকটা এগিয়ে গেছি।’
ট্রাম্প আরও বলেন, ‘আপনারা জানেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার ফোনালাপটিও ছিল চমৎকার। কথোপকথনটি দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে এবং আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি।’