আবারও নেপালে বিমান বিদ্ধস্তের ঘটনা ঘটেছে। রোববার সকালে নেপালের পোখরায় ৬৮ আরোহী ও ৪ জন ক্রু নিয়ে এবার বিধ্বস্ত হল বিমানটি। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৮ লাশ উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
নেপালের বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থা ইয়েতি এয়ারলাইনসের এটিআর ৭২ মডেলের বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখরায় যাচ্ছিল। রোববার সকালে বিমানটি পোখরার কাসকি জেলায় বিধ্বস্ত হয়। সূত্র: কাঠমান্ডু পোস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে ইয়েতি এয়ারলাইনসের মুখপাত্র সুদর্শন বারতাউলা বলেছেন, ‘৬৮ যাত্রী ও চারজন ক্রু নিয়ে পোখরার পুরাতন বিমানবন্দর এবং নতুন পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যবর্তী স্থানে বিধ্বস্ত হয়।’ প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইয়েতি এয়ারলাইনস বা নেপাল সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।
প্রসঙ্গত: ২০১৮ সালের ১২ই মার্চ ইউএস-বাংলার একটি ফ্লাইট বিধ্বস্ত হওয়ায় ২৬ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং একজন চীনা যাত্রী নিহত হন। সর্বশেষ ২০২২ সালের ৩০ মে ২২ জন আরোহী নিয়ে ডিএইচসি-৬-৩০০ টুইন ওটার বিমান হিমালয়ের দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়।