পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ওপরে বেজার। মূলত ভারত শাসিত কাশ্মীর ইস্যু নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশ না করায় তিনি বেজার। এ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।
টুইটারে পাক প্রধানমন্ত্রী ইমরান প্রশ্ন তুলেছেন, ‘আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কেন কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি এড়িয়ে যাচ্ছে? অপরদিকে হংকং-এর আন্দোলন নিয়ে সব সংবাদ মাধ্যমেই বড় করে দেখানো হচ্ছে।’
চলতি বছরের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় বিজেপি শাসিত ভারত সরকার। এরপর থেকেই আন্তর্জাতিক মহলকে নিজেদের পক্ষে টানতে এবং ভারতের বিপক্ষে সরব হওয়ার জন্য দরবার করে যান প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু কার্যত চিন ছাড়া তেমন কাউকে পাশে পায়নি ইমরান খানের সরকার।
ভারতীয় সংবিধানের ৩৭০ নং অনুচ্ছেদ বিলোপের পর থেকে কাশ্মীরে মোবাইল, ইন্টারনেট, ল্যান্ডলাইন, কেবল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। এই বিষয়কে ‘মানবিকতার সঙ্কট’ হিসেবে আখ্যা দিয়ে ইমরানের বক্তব্য, ‘কাশ্মীরকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে প্রায় দু’মাস। সেই সাথে রাজনৈতিক নেতা-নেত্রী সহ হাজার হাজার লোককে বন্দিও করা হয়েছে।’