অভিনেত্রী কাজী নওশাবা বেশ আতঙ্কে দিন কাটাচ্ছেন। তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। কয়েকদিন আগে তার নামে ফেসবুকে একাধিক ফেক অ্যাকাউন্ট খোলা হয়। সেগুলো থেকে তার পরিচিতজনদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি জানার পর ফেসবুকে একটি পোস্ট দিয়ে সবাইকে সতর্ক করে দেন। এরপরেই তার ফেসবুক আইডিটি হ্যাক হয়।
এ প্রসঙ্গে নওশাবার জবাব, আমি বিখ্যাত কেউ নই। জীবনযুদ্ধে ধরাশায়ী একজন অভিনেত্রী মাত্র। আমার অ্যাকাউন্ট হ্যাক করে কার কী লাভ জানি না।
তবে এই ঘটনায় ইতোমধ্যে তিনি পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়েছেন। যথেষ্ট আন্তরিকতার সঙ্গে তারা অ্যাকাউন্টটি উদ্ধারের চেষ্টা করছেন বলে জানান নওশাবা।
সম্প্রতি নওশাবার মডেলিংয়ে প্রকাশিত হয় কিংবদন্তি রুনা লায়লার সুর ও সংগীতে আরেক কিংবদন্তি কণ্ঠশিল্পী রাহাত ফতেহ আলী খানের একটি গান। ‘ভালোবাসা আমার পর হয়েছে’ শিরোনামের ওই গানের মিউজিক ভিডিওতে নওশাবার অভিনয় প্রশংসিত হয়। ভিডিওটি পরিচালনা করেন শাহরিয়ার পুলক। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।