আজ শহিদ ডা. মিলন দিবস। ১৯৯০ সালের এদিনে তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদের স্বৈরশাসনবিরোধী আন্দোলনের উত্তাল মুহূর্তে আন্দোলনের সংগঠক এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব ডা. শামসুল আলম খান মিলন সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন।
শহিদ ডা. মিলনের আত্মদানের মধ্য দিয়ে সেদিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনে এক নতুন গতি সঞ্চারিত হয়। তারপরে ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন ঘটে। সেই থেকে প্রতিবছরের ২৭ নভেম্বর শহিদ ডা. মিলন সংসদ গণঅভ্যুত্থান শহিদ মিলন দিবস হিসেবে পালন করে আসছে।
শহিদ ডা. মিলন দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।