বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে। এই সরকারের পায়ের নিচে এখন মাটি নেই বলে উল্লেখ করে তিনি বলেন, মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। রোববার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি বলেন, আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল যারা অতীতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, মুক্তিযুদ্ধের জন্য সংগ্রাম করেছেন, সেই দলটি পুরোপুরিভাবে গণবিচ্ছিন্ন হয়ে গেছে। আওয়ামী লীগ মানুষের ভাষা বুঝতে পারছে না। মানুষের চোখের ভাষা বুঝতে পারছে না। এমন ভাষায় কথা বলে যে, এটা একটা রাজতন্ত্র।
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এর উদ্যোগে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত সভার মির্জা ফখরুল বলেন, এই দেশ একটা প্রজাতন্ত্র। এদেশ আমরা যুদ্ধ করে, লড়াই করে বুকের রক্ত দিয়ে অর্জন করেছি। এখানে প্রত্যেকটি মানুষের নাগরিকের অধিকার আছে রাজনীতি করার। সেই সুবাদে জনগণ রাষ্ট্রের মালিক। সেই জায়গাটা তারা (আওয়ামী লীগ সরকার) দখল নিতে চায়। দুইটা জিনিস তাদের বডি কেমিস্ট্রিতে আছে- একটা হচ্ছে সন্ত্রাসী। সবকিছু ভয় দেখিয়ে মেরে-কেটে নিয়ে যেতে চায়। আরেকটা হচ্ছে লুট, লুটেরা সব চুরি করতে চায়।
দুর্নীতির কথা তুলে ধরে তিনি বলেন, স্বাস্থ্য খাত ভেঙে গেছে। করোনা এমন জয় করেছে যে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। শিক্ষা খাতের কী অবস্থা? কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া আর কোথাও শিক্ষা আছে বলে তো আমার কাছে মনে হয় না।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের নেতৃত্বে যৌথভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তার (তারেক রহমান) মতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। যৌথ নেতৃত্বের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। আমরা যা কিছুই করি পুরোপুরিভাবে সব দায়িত্ব নিয়ে করি এবং সেটা তারেক রহমানের নেতৃত্বের নির্দেশে করি।
বিএনপি মহাসচিব আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেন, চলমান আন্দোলনে গত কয়েক মাসে আমাদের ছয়জন নেতাকর্মী শহিদ হয়েছেন। তাদের অপরাধ গণসমাবেশ সফলের জন্য লিফলেট বিতরণ করছিলেন। কিন্তু আমি পুলিশকে বলব- বেআইনি হত্যাকাণ্ড চালাবেন না। প্রত্যেক অন্যায় কাজের জবাব দিতে হবে।
জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, প্রকৌশলী মাহবুব আলম প্রমুখ। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন।