অষ্টম দফায় ঢাকা ছাড়লেন আরও ১৪৩ ব্রিটিশ নাগরিক। বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন।
এর আগে বেলা ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা সিলেট ত্যাগ করেন। বর্তমান করোনা পরিস্থিতিতে এ নিয়ে মোট আট দফায় ব্রিটিশ নাগরিকরা বাংলাদেশ ছাড়লেন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তা মো. জাকির হোসাইন সুমন জানান, পাঁচ শিশুসহ ১৪৩ জন ব্রিটিশ নাগরিককে নিয়ে বিমানের বিশেষ চাটার্ড ফ্লাইট বেলা ১১টায় ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে। পরে ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন।
এর আগে গত ২১ এপ্রিল প্রথম দফায় ১৫৬ জন, ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ১৫৬ জন, ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২ জন, ২৬ এপ্রিল চতুর্থ দফায় ১০১ জন, ২৯ এপ্রিল পঞ্চম দফায় ১২৭ জন, ১ মে ষষ্ঠ দফায় ১৪৪ জন, ৫ মে সপ্তম দফায় ১৫৩ জন ও আজ অষ্টম দফায় ১৪৩ জনসহ সর্বমোট এ পর্যন্ত ১১০২ জন ব্রিটিশ নাগরিক বাংলাদেশ ছেড়েছে। খবর ইত্তেফাক।