করোনা ভাইরাস মহামারি প্রত্যেকের জীবনে মানসিক, শারীরিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বলিউড সুপারস্টার আমির খানের ‘গুলাম’ ছবির সহঅভিনেতা জাভেদ হায়দার এখন রাস্তায় সবজি বিক্রি করছেন। তার সবজি বিক্রির টিকটক ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক ক্রেতার কাছে সবজি বিক্রি করতে করতে ‘দুনিয়া ম্যায় রেহনা হ্যায়’ গানটিতে ঠোঁট মেলাচ্ছেন জাভেদ। অভিনেত্রী ডলি ক্যাপশনে লিখেছেন, ‘তিনি একজন অভিনেতা, আর আজ তাকে সবজি বেচতে হচ্ছে।’
আরেক টুইটে ডলি লিখেছেন, জাভেদ ‘বারবার’ (২০০৯) এবং টিভি সিরিজ ‘জিয়ান্নি অউর জুজু’-তে (২০১২) অভিনয় করেছেন। জাভেদ অভিনীত সর্বশেষ হিন্দি ছবি ‘লাইফ কি অ্যায়সি কি ত্যায়সি’।
ভিডিওটি দেখার পর নেটিজেনরা জাভেদের ইতিবাচকতার প্রশংসা করেছেন। অনেকেই বলছেন, এই দুঃসময়ে আশা না হারানোর উদাহরণ তৈরি করলেন জাভেদ।
সম্প্রতি আয়ুষ্মান খুরানার ‘ড্রিম গার্ল’ ছবির সহঅভিনেতা সোলাঙ্কি দিবাকরকে রাস্তায় ফল বেচতে দেখা যায়। করোনাকালে সিনেমার কাজ নেই বলে অর্থ সংকটে পড়ে ফল বিক্রি করছেন তিনি। খবর ইত্তেফাক।