পারিবারিক আয়োজনেই বিয়ে হয় তুর্য আর অথৈ এর। কিন্তু অথৈ বিয়ে নামের সম্পর্কটাকে বিশ্বাস করে না। বিয়ের পর তুর্যের সঙ্গে অথৈর একটি চুক্তি হয়,যেটা কেউ জানে না। তুর্য মাঝে মাঝে ছবি আঁকে। একদিন অথৈ তুর্যের পড়ার কক্ষে গিয়ে দেখে, ক্যানভ্যাসে একটা মেয়ের ছবি আঁকা। তুর্য জানায় এটা তার বান্ধবী নিলীমার ছবি, যাকে সে অনেক ভালোবাসে।
তুর্যর কথা শুনে আর তার আঁকা নিলীমার ছবি দেখে অথৈ কিছুটা ঈর্ষান্বিত হয়। এক সময় তুর্য’র বাবা মা বাড়িতে ফিরে যায়। শর্তানুযায়ী, অথৈ তার বাবার বাড়িতে চলে যায়। তারপরই তুর্যের জীবনে ফিরে আসে নিলীমা। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।
এমন গল্পে নির্মিত হয়েছে একক নাটক ‘অথৈ নিলীমা’। জহির করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আদিত্য জনি। এতে অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, তাসনিম ফারিন, তালহা খানসহ আরো অনেকে।
নির্মাতা সূত্রে জানা গেছে, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভিতে আজ রাত ১১.১৫ মিনিটে প্রচার হবে ‘অথৈ নিলীমা’ নাটকটি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।