নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অতিরিক্ত মদ গ্রহণ করায় স্থানীয় পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যানের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু সহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) ভোরে ঢাকায় বিভিন্ন ক্লিনিকে তাদের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সেলিম রাজা। ওই ঘটনায় অসুস্থ আরো ৬ জন আশংকা জনক অবস্থায় মেডিকেলে ভর্তি আছে বলে জানান এলাকাবাসী। বাবু একই সঙ্গে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই।
নিহতরা হলেন, জাহিদ হাসান বাবু (৩২), মেঘনা কাদিরগঞ্জ এলাকার মোঃ মোক্তার মিয়ার ছেলে মোহসিন(২৩), জৈনপুর এলাকার সিদ্দিকের ছেলে তোফাজ্জল(৪০)। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে কয়েকজন মদপান করে অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার রাতে গুরুতর অসুস্থ হলে তাদের ঢাকার বিভিন্ন ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তোফাজ্জল ও মহসিনের মৃত্যু হয়। আর দুপুরে মালিবাগের একটি ক্লিনিকে মারা যায় বাবু।’ তিনি আরো বলেন, ‘নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। যার জন্য তোফাজ্জল ও মহসিনের মরদেহ দাফন করে ফেলেছেন। তারা মদ্যপানের বিষয়ে অস্বীকার করেন। আর জাহিদের লাশের জন্য ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে।’##