সুন্দরবনের ভারতীয় অংশ থেকে রতন (৪২) ও মিজানুর রহমান (৪০) নামের দুই বাংলাদেশির লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে তাদের মৃত্যু বাঘের আক্রমণে, না গরু পাচারের সময় বিএসএফের গুলিতে হয়েছে, তা স্পষ্ট নয়।
গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকালে ভারতের সীমাখালী খাল থেকে লাশ দুটি উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
নিহত রতন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের কফিলউদ্দিনের ছেলে এবং একই গ্রামের মনোমিস্ত্রির ছেলে নিহত মিজানুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুজনই গরু পাচারের সঙ্গে জড়িত। এলাকায় তারা গরু পাচারকারী হিসেবেই পরিচিত।
আরও পড়ুন- পাবনায় ট্রাকচাপায় প্রাণ হারালো অটোরিকশার দুই যাত্রী
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরার নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসিন চৌধুরী গণমাধ্যমকে জানান, তিনি শুনেছেন সুন্দরবনের ভারতীয় অংশে বাংলাদেশি দুই ব্যক্তি বাঘের আক্রমণে নিহত হয়েছেন। তবে তাদের মৃত্যু বাঘের আক্রমণে, না গরু পাচারের সময় বিএসএফের গুলিতে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের চেষ্টা চলছে বলেও জানান বিজিবি’র এই কর্মকর্তা।