নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে চলাচলরত লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে দুই চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-১১।
আজ রবিবার (২৪ জানুয়ারি) নগরীর সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডস্থ শিমরাইল নয়ামাটি এলাকায় লেগুনা স্ট্যান্ডে চাঁদা আদায়কালে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির সর্বমোট নগদ ২,৪৫০ টাকা ও চাঁদা আদায়ের ১টি খাতা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ তানভীর আহমেদ ওরফে রুবেল মৃধা (৩১) এবং মোঃ মিজানুর রহমান তালুকদার (২৫)।
আরও পড়ুন- মোটরসাইকেলে রাঙ্গামাটি যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু
আজ দুপুরে নগরীর সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র্যাব-১১’র সদর দফতর থেকে অতিরিক্ত পুলিশ সুপার (সিপিএসসি আদমজীনগর) মোঃ জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ জানায়, পলাতক আসামী রাশেদের প্রত্যক্ষ মদদে জুয়েল ও রতনের সহযোগিতায় একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডস্থ শিমরাইল নয়ামাটি এলাকায় লেগুনা স্ট্যান্ডে চলাচলরত লেগুনা চালক ও হেলপারদেরদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক লেগুনা প্রতি দৈনিক ১৫০/- থেকে ২০০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।
র্যাব-১১ আরো জানায়, কয়েকজন ভুক্তভোগী চালক ও হেলপারের অভিযোগের ভিত্তিতে র্যাব-১১ কর্তৃক ঘটনার অনুসন্ধান করে সত্যতা পেয়ে চিটাগাং রোডের শিমরাইল নয়ামাটি এলাকায় অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে পলাতক আসামী রাশেদ, রতন ও জুয়েলের প্রত্যক্ষ মদদে ও পরষ্পর যোগসাজশে অবৈধভাবে লেগুনা স্ট্যান্ডে চলাচলরত লেগুনা চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। চাঁদাবাজি করার অপরাধে পলাতক আসামী রাশেদ, রতন ও জুয়েল’দের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা চলমান রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।