প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সততার পথে থেকে বঙ্গবন্ধু দেশটা স্বাধীন করেছেন। ছোটবেলা থেকে বঙ্গবন্ধুর মানুষের সাহায্য করার মানসিকতা ছিলো।’
আজ বুধবার (১৭ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যু্ক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আমরা এমন একটি দিনে উপস্থিত হয়েছি, যেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। তিনি বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। বঙ্গবন্ধু ১৯৭৪ সালে শিশু অধিকার আইন করেছিলেন। বঙ্গবন্ধু সবসময় বলতেন শিশুরা দেশের ভবিষ্যৎ। তিনি সবসময় শিশুদের ভালোবাসতেন।’
আরও পড়ুন- বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এসময় করোনা ভাইরাস পরিস্থিতিতে শিশুদের বাড়িতে পড়াশোনা ও খেলাধুলার করার কথা বলেন তিনি। শিশুদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য যে, অন্যান্য বার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থান করলেও এবার করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থির কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।