আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হেফাজত নেতা মামুনুল হকের কর্মকান্ড দেশ, সমাজ ও ধর্মের জন্য হুমকি স্বরূপ।
আজ সোমবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মামুনুল হকের গ্রেফতার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মামুনুল হক সাম্প্রতিক সময়ে যেসব কর্মকান্ড করেছে এবং ২০১৩ সালে হেফাজতের তান্ডবে যেভাবে নেতৃত্ব দিয়েছে, সেগুলো দেশ, সমাজ, রাষ্ট্র এবং ইসলামের জন্য হুমকিস্বরূপ। আবার, মহানবী হযরত (সাঃ) কিভাবে ঠোঁট নাড়াতেন সেটিও মামুনুল হক অভিনয় করে দেখিয়েছে অর্থাৎ রাসুল (সাঃ)-কে ব্যঙ্গ করেছে। এ অধিকার তাকে কে দিয়েছে! এটা যদি অন্য কেউ করতো, তাকে মামুনুল হক আর তার বশংবদ হেফাজতের নেতারা কি করতেন!’
‘শুধু তাই নয়, হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমীর মাওলানা আহমদ শফির মতো শতবর্ষী নেতাকে অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে নেবার পথে তার অক্সিজেন টিউব খুলে নেয়াসহ নানাভাবে হেনস্তা করে মৃত্যুর দিকে ঠেলে দেয়া, যেগুলোকে ডাক্তারেরা তার মৃত্যুর কারণ বলেছেন- এসমস্ত কিছুর নির্দেশদাতা হচ্ছে মামুনুল হকরা’, উল্লেখ করে ড. হাছান বলেন, কয়েকজন মতলববাজ হুজুরের কাছে ইসলাম ধর্ম লীজ দেয়া হয়নি।
আরও পড়ুন- সরকারে রয়েছে বলে আ’লীগ এখনো সহনশীলতা দেখাচ্ছে: সেতুমন্ত্রী
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লকডাউন চলাকালে পুলিশের হাতে ডাক্তার ও অন্যান্য পেশাজীবী মানুষের হেনস্তার চিত্র সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ড. হাছান মাহমুদ বলেন, লকডাউন কার্যকর করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে যতœ ও কষ্ট করছে, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি দায়িত্বপালনের সময় এটি খেয়াল রাখতে হবে, কেউ যেন হেনস্তা না হয়।