মাদারীপুরে রাজৈর উপজেলায় দাঁড়িয়ে থাকা এলপি গ্যাসবোঝাই ট্রাকের পেছনে নসিমনের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার শিমুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামের সাজাহান মুন্সীর ছেলে নসিমনচালক সোহেল মুন্সী (৩৮) ও একই উপজেলার উত্তর দুধখালী গ্রামের নুর উদ্দিন খলিফার ছেলে ব্যবসায়ী সেলিম খলিফা (৪৫)।
স্থানীয়রা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার শিমুলতলা নামক স্থানে ভোর ৫টার দিকে টেকেরহাটগামী একটি যাত্রীবাহী নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা এলপি গ্যাসবোঝাই ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
এ সময় নসিমন যাত্রী ব্যবসায়ী সেলিম খলিফা ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত নসিমনচালকসহ তিনজনকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নেয়া হয়। সেখানে চালক সোহেল মুন্সী মারা যান।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ দ্বীন মোহাম্মদ জানান, নিহতদের মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এলপি গ্যাসবোঝাই ট্রাকও জব্দ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। খবর যুগান্তর।