হেফাজত নেতার নৈতিক অবনমনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা তথ্যনির্ভর এবং প্রকৃত সত্য। প্রধানমন্ত্রীর বক্তব্যে ধর্মব্যবসায়ীদের মুখোশ খুলে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার (৫ এপ্রিল) সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, এ দেশ পীর আউলিয়া ও ওলামায়ে কেরামের দেশ, এখানে ধর্মকে অধর্ম চর্চার হাতিয়ারে পরিণত করতে খোদ ইসলাম প্রিয় জনগণই দেবে না।
তিনি আরো বলেন, তাদের একজন নেতার সোনারগাঁওর একটি রিসোর্টে অনৈতিক ঘটনার পর তাদের ফোনালাপসহ অন্যান্য বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এবং একজন সুন্দরী মহিলাকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দেওয়া এখন আর গোপন নয়।
আরও পড়ুন- অপতৎপরতা রুখতে মুক্তিযুদ্ধের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হতে ওবায়দুল কাদের আহ্বান
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী করোনার সংক্রমণ ও মৃত্যুর হার হঠাৎ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সরকার দেশব্যাপী আজ থেকে এক সপ্তাহের জন্য লকডাউন কার্যকর করতে শুরু করছে, সরকারের ১৮ দফা নির্দেশনাগুলো অক্ষরে অক্ষরে মেনে চলার জন্য দেশবাসীর কাছে আহবান জানান।
এ ছাড়াও উদাসীনতা না দেখিয়ে সকলকে শতভাগ মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানান তিনি।