বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব ‘বীরউত্তম’ বাতিলের সিদ্ধান্ত ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য নেতাকর্মীদের সাজা ও কারাগারে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ করছে দলটি।
আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভে অংশ নিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতারা।
এর আগে সকাল থেকে বিএনপি ও এর বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী বিক্ষোভ সমাবেশে অংশ নিতে থাকে। এই কর্মসূচির কারণে জাতীয় প্রেসক্লাবের সামনে তীব্র যানজট তৈরি হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
আরও পড়ুন- আজ সারাদেশে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ
বিক্ষোভ সমাবেশে বিএনপি’র নেতারা তাদের বক্তব্যে বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে। তারেক রহমানসহ বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম, সাতক্ষীরার ৩৪ জন নেতা-কর্মী ও পাবনার ৪৭ জন নেতা-কর্মীকে সাজা দেওয়া এবং দলের বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদকে অন্যায়ভাবে কারাগারে পাঠিয়েছে সরকার।
বিএনপি’র কর্মসূচিতে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত আছেন।
উল্লেখ্য যে, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মদদদাতা উল্লেখ করে মুক্তিযুদ্ধে অবদানের এ খেতাব প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।