স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রী বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছেন।
মন্ত্রী আজ শনিবার (০৮ মে) বিকেলে এ তথ্য জানান।
তিনি বলেন, তবে বিদেশ পাঠানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, আইন মন্ত্রণালয় আমাদের কাছে পাঠালে আমরা দেখবো।
এর আগে শনিবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদনের বিষয়ে আজ শনিবারের মধ্যে মতামত জানিয়ে দেওয়া হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।
আনিসুল হক বলেন, আজকেই (শনিবার) মতামত জানিয়ে রোববার (৯ মে) সকালে ফাইল পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
আরও পড়ুন- তথ্যমন্ত্রীর প্রশ্ন: খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেয়ার প্রয়োজন আছে কি না?
এর আগে বেগম জিয়াকে বিদেশ নিতে গত বুধবার (৬ মে) রাত আটটায় আবেদন করে তার পরিবার। এখনও সরকারের গ্রিন সিগনাল মেলেনি।
এদিকে শনিবার সকালে এভারকেয়ার হাসপাতালের সিনিয়র জেনারেল ম্যানেজার ডা. আরিফ মাহমুদ জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অক্সিজেন অবস্থা ভালো আছে। আজ কোনো সমস্যা নেই। আগের চেয়ে ভালো আছেন সাবেক এই প্রধানমন্ত্রী।