জয়পুরহাট জেলার কালাইয়ে ট্রাকের ধাক্কায় আব্দুস সাত্তার (৬০) নামের এক বৃদ্ধ সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জয়পুরহাট-বগুড়া সড়কের বামনগ্রাম মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ আব্দুস সাত্তার বামনগ্রাম গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।
এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।
আরও পড়ুন: লালপুরে প্রতিবন্ধী নারীর রহস্যজনক মৃত্যু
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোলামগাড়িহাট থেকে সাইকেল চালিয়ে আব্দুস সাত্তার বাড়ি ফিরছিলেন। এসময় বগুড়াগামী একটি ট্রাক বামনগ্রাম মোড় এলাকায় তাকে ধাক্কা দিলে তিনি ট্রাকের নিচে পড়ে পিষ্ট হয়ে মারা যান।
পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে ট্রাকটি জব্দ করতে পারলেও চালক ও তার সহকারী পালিয়ে যায় বলেও জানান স্থানীয়রা।