দীর্ঘ প্রায় দু’মাস বন্ধ থাকার পর আগামী ১ জুন থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে কক্সবাজার রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, করোনাকালীন সময়ে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে কক্সবাজার রুটে প্রতিদিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা কর্তৃপক্ষ।
সোমবার (৩১ মে) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ কামরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিট ও দুপুর ৩টা ৩০ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ফ্লাইট ছাড়বে এবং কক্সবাজার থেকে সকাল ১১টা ০৫ মিনিট ও বিকাল ৫টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট উড্ডয়ন করবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ৮টি বিজনেস ক্লাসসহ ১৬৪ আসনে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে এ ফ্লাইটগুলো পরিচালিত করবে। বর্তমানে ঢাকা থেকে কক্সবাজারের নূন্যতম ভাড়া সকল প্রকার ট্যাক্স ও সারচার্জ সহ ওয়ান ওয়ের জন্য মোট ৪২৯৯ টাকা ও রিটার্ন ভাড়া ৮,৫৯৮টাকা নির্ধারন করা হয়েছে।
আরও পড়ুন: ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি –
এছাড়া ঢাকা থেকে কক্সবাজার ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে।
উল্লেখ্য যে, ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে চট্টগ্রামে ৫টি, যশোরে ৬টি, সৈয়দপুরে ৭টি, সিলেটে ৩টি, রাজশাহী ও বরিশালে ২টি করে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে বর্তমানে মোট ১৪ টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০, তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট।