কক্সবাজার জেলা শহরের কলাতলীর ডলফিন মোড় এলাকায় ট্রাকচাপায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন।
গতকাল শনিবার (৭ মার্চ) রাত পৌনে ১১ টার দিকে সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিকে ধাক্কা মেরে পথচারীদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজধানী ঢাকার উত্তরার বাসিন্দা শাহাদাত হোসেন এবং কলাতলীর চন্দ্রিমা এলাকার মৃত লাছ মিয়ার স্ত্রী মহুনা বেগম (৬৫)। আহতরা হলেন- কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার আইনজীবী ওসমান (৪৫), উখিয়ার কোটবাজার এলাকার আবদুল আমিনের ছেলে জসিম উদ্দীন (২৫), বশরত আলীর ছেলে মুজিব (৪৫), শফিউল্লাহর ছেলে জিকু (৩০), মহেশখালী এলাকার আবুল কাশেমের ছেলে জয়নাল (৩৫), তার বড় ভাই আবুল হোসেন (৪৫) ও ছেলে রাশেদুল হকসহ ১০ জন।
আরও পড়ুন- এক মোটরসাইকেলে চার তরুণ, ট্রাকচাপায় তিনজনের মৃত্যু
এ বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ গণমাধ্যমে জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রথমে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে চাপা পড়ে থাকা আরও চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরো একজনের মৃত্যু হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুল গিয়াস জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত এবং আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়েছে।