আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের শিকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে। প্রতিটি দুর্যোগ – দুর্বিপাকে আওয়ামী লীগই সর্বপ্রথম মানুষের পাশে দাঁড়িয়েছে। ‘সুশাসনের স্বার্থে অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনা হচ্ছে। দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িত নিজ দলের কাউকেও সরকার ছাড় দিচ্ছে না
শুক্রবার (২১ মে) নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের একথা বলেন।
বিএনপি মহাসচিব আন্দোলনের হুশিয়ারির বিষয়ে তিনি বলেন, মির্জা ফখরুল আন্দোলনের কথা বলছেন, কিন্তু আন্দোলন করার মতো শক্তি ও সামর্থ্য কি তাদের আছে?
সেতুমন্ত্রী বলেন, ‘যারা দলের চেয়ারপারসনের মুক্তির জন্য একটা মিছিল পর্যন্ত করতে পারেনি তাদের মুখে আন্দোলন সংগ্রামের কথা মানায় না। বিএনপির আন্দোলনে জনগণ এখন আর সাড়া দেয় না। তাদের আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন-গর্জনই সার’।
তিনি বলেন, করোনার ধাক্কা সামলিয়ে বাংলাদেশের অর্থনীতি এখন গতিশীল। করোনা সংকটেও জনগণের মাথাপিছু আয় ২২২৭ ডলারে পৌঁছেছে।
ওবায়দুল কাদের বলেন, দেশে এখন অন্ধকার নেই বরং বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় সরকার বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় যে অন্ধকারে রেখে যায়, সেখান থেকে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন আলোর পথে এগিয়ে যাচ্ছে। #