বাংলাদেশ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনের নিন্দা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আলজাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক ও অপপ্রচারের নোংরা বহির্প্রকাশ।
বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন।
আলজাজিরা টেলিভিশন কর্তৃপক্ষকে দেশবিরোধী অপশক্তির এজেন্ডা বাস্তবায়নে সহযোগী না হয়ে এ ধরনের উদ্দেশ্যমূলক, বিভ্রান্তিকর এবং একপেশে প্রতিবেদন বন্ধের আহ্বান জানান ওবায়দুল কাদের।
যারা দেশের স্বাধীনতা ও দেশের উন্নয়ন, অর্জন এবং অগ্রগতিকে এখনও মেনে নিতে পারেনি, তারাই এ প্রতিবেদনের কৌশলী ষড়যন্ত্রের ধারাবাহিকতায় লিপ্ত বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।